রংপুরে জয় সেট সেন্টার ও জিবন সেবা উদ্বোধন এবং নারীদের মধ্যে ল্যাপটপ বিতরণ

১৭ মার্চ, ২০২৪ ১৯:৫৭  

তথ্য প্রযুক্তিতে তরুণ-তরুণীদের দক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্মিত হচ্ছে ‘জয় SET Center’ বা জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার। এই সেন্টারে ডিজিটাল ল্যাব, প্রশিক্ষণ রুম, স্টার্ট-আপ জোন, প্লাগ অ্যান্ড প্লে জোনসহ জেলা/উপজেলা আইসিটি কর্মকর্তাদের অফিস অবকাঠামো সুবিধা থাকবে। উপজেলা পর্যায়ে একত্রে ১০ জন উদ্যোক্তা/ফ্রিল্যান্সার ওয়ার্কিং ফ্যাসিলিটি পাবেন এবং জেলা পর্যায়ে একত্রে ১৫ জন ওয়ার্কিং সুবিধা পাবেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কে সঙ্গে নিয়ে রোববার (১৭ মার্চ) এ সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের প্রকল্প পরিচালক তানজিনা ইসলামসহ প্রকল্পের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও এবং জাতীয় শিশু দিবসে একইসঙ্গে হার পাওয়ার প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ৭ জেলার, ২৮ উপজেলার, ১১৯০ জন স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি করে ল্যাপটপ উপহার দেন প্রতিমন্ত্রী। একই দিনে রংপুর জেলার ডাকঘর পরিদর্শন এবং রংপুর জেলায় ৪ হাজার, লালমনিরহাটে ২ হাজার ৩০০ ও ঠাকুরগাঁও জেলায় তিন হাজার ৬০০, ঞ্চগড় জেলায় দুই হাজার তিনশত, কুড়িগ্রাম জেলায় তিন হাজার, দিনাজপুর জেলায় তিন হাজার, নীলফামারি জেলায় তিন হাজার ৬০০ উচ্চগতির ইন্টারনেট সংযোগ সক্ষমতা সেবা GBon “জীবন” সেবা উদ্বোধন করেন তিনি।